বুধবার, ২৮শে জুন, ২০১৭ ইং ১৪ই আষাঢ়, ১৪২৪ বঙ্গাব্দ

গাড়ির ভেতর ঢুকে গেল বেপরোয়া ঘোড়া

AmaderBrahmanbaria.COM
জুন ৬, ২০১৭
news-image

---
আন্তর্জাতিক ডেস্ক : ‘পাগলা ঘোড়া ক্ষেপেছে, চাবুক ছুড়ে মেরেছে’। ছোটবেলায় পঠিত ছড়ায় পাগল ঘোড়াকে আমাদের সঙ্গে এভাবেই পরিচয় করিয়ে দিয়েছেন ছড়াকার। এবার ছড়ার সেই পঙক্তি অনেকটাই মিলে গেছে ভারতের জয়পুরের এক পাগল ঘোড়ার কাণ্ডে।
রবিবার জয়পুরের তাপমাত্রা ছিলো ৪৩ ডিগ্রি সেলসিয়াসে। আর সেই গরমে পাগল হয়ে ছুটতে শুরু করেছিল একটা ঘোড়া। শেষ পর্যন্ত চলন্ত গাড়ির সামনের কাচ ভেঙে দিয়ে একেবারে গাড়ির ভিতরে ঢুকে পড়ে সে। চলন্ত গাড়িতে এভাবে আস্ত একটা ঘোড়া ঢুকে পড়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বন দফতরের সহায়তায় কোনোক্রমে আহত ঘোড়া ও গাড়ির চালককে উদ্ধার করা হয়েছে।
জানা গেছে, ঘোড়াটি এক টাঙ্গাওয়ালার। রবিবার দুপুরে শহরের হাসানপুরা এলাকায় রাস্তার পাশে টাঙ্গা দাঁড় করিয়ে জিরিয়ে নিচ্ছিলেন তিনি। ঘোড়াটিকে বেঁধে রেখেছিলেন পাশে। আর ঘোড়ার মুখে বেঁধে দিয়েছিলেন খাবারের থলে। ভেবেছিলেন, বিশ্রাম নিতে নিতেই খাওয়া সেরে নিতে পারবে তার ঘোড়াটি। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, খাবারের থলে কোনোভাবে পশুটির চোখ বন্ধ করে দিয়েছিল। সম্ভবত তার চোখেও ঢুকে গিয়েছিল খাবারের কণা। একে প্রবল গরম তার উপরে এমন অবস্থায় লাফাতে থাকে ঘোড়াটি। পাগলের মতো ছুটে বেরিয়ে যেতে চায়। এক সময় সফলও হয়। দড়ি ছিঁড়ে ছিটকে বেরিয়ে গিয়ে প্রবল বেগে ঘোড়াটি পৌঁছে যায় রাস্তার মাঝখানে।
চারপাশে তখন শোরগোল পড়ে গিয়েছে। তীব্র বেগে ছুটে আসা ঘোড়ার ধাক্কা থেকে বাঁচতে প্রাণভয়ে ছুটতে থাকে পথচারীরা। থামানোর উপায় না দেখে পশুটির উপর জল ঢেলে দেন কেউ। কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয়। কোনো কিছু তোয়াক্কা না করে এক রাস্তা থেকে অন্য রাস্তায় ছুটতে থাকে ঘোড়াটি। সিভিল লাইন্সের জেকব রোডে এসে পর পর দু’টো স্কুটারকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পাগলা ঘোড়া। ছুটতে থাকে আবার। আচমকাই সামনে এসে পড়ে একটা গাড়ি। মুখোমুখি ধাক্কা। কেউ কিছু বোঝার আগেই গাড়ির সামনে উইন্ডস্ক্রিন ভেদ করে চালকের পাশের আসনে ঢুকে পড়ে ঘোড়াটি।
গাড়ির মালিক পঙ্কজ জোশী ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার কর্মী। নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন রেল স্টেশনে। শেষ পর্যন্ত প্রাণে বেঁচেছেন ভেবেই খুশি পঙ্কজ। এছাড়া গাড়ির দরজা খুলে কোনোক্রমে বের করা হয়েছে ঘোড়াটিকে। সামান্য আঘাত ছাড়া কিছুই হয়নি তার। দ্য হিন্দু।

এ জাতীয় আরও খবর